রাঙ্গুনিয়া ও মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি বসতঘর। এরমধ্যে মহেশখালীতে পুড়েছে চার ভাইয়ের চারটি বসতঘর। তারা সকলে জেলে। রাঙ্গুনিয়ায় গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রক্তছড়া এলাকায় ও মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় পৃথক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উভয় অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে জানায় ফায়ার সার্ভিস।
রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে এলাকার আহমদ ছৈয়দের ছেলে রবিউল আলমের মালিকানাধীন একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের কবল থেকে ঘরের বাসিন্দারা কোনোরকম প্রাণে রক্ষা পেলেও ঘরের কেনোকিছু উদ্ধার করতে পারেনি। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আগুনে ৬ কক্ষবিশিষ্ট একটি টিন ও বাঁশের বেড়ার তৈরি বসতঘর পুড়ে গেছে। স্থানীয়দের বরাত দিয়ে দৈনিক আজাদীর মহেশখালী প্রতিনিধি জানান, মহেশখালীতে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন- মরহুম আলী হোসেনের ছেলে নুরু মাঝি ও তার তিন ভাই শামসু মাঝি, বদি মাঝি ও মো. ফরিদ। তারা সকলে পেশায় জেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে প্রথমে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে। এরমধ্যে খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসী ও পুলিশের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।












