‘রাঙ্গুনিয়ায় স্কুল কমিটিতে বিতর্কিত ব্যক্তি নয়’

ডিসেম্বরের মধ্যে সব স্কুলে ল্যাব চান হুমাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের স্থান না দেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। একইসাথে বছরের শেষ নাগাদ উপজেলার প্রতিটি স্কুলে আইসিটি ল্যাব স্থাপনের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের আশা প্রকাশ করেন তিনি।

গতকাল সোমবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।

স্কুল পরিচালনা কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে হুমাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ার অনেক যোগ্য মানুষ, এমনকি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও স্কুল কমিটিতে আসতে চান, কিন্তু তারা সামাজিক সম্মানহানির ভয়ে পিছিয়ে যান। দেখা যায়, একাধিক মামলার আসামিকে স্কুলের সভাপতি করে রাখা হয়েছে। এটি আর চলতে দেওয়া যায় না। তিনি বলেন, আমার সন্তান যে স্কুলে যাচ্ছে, সেখানকার ইনচার্জ বা দায়িত্বে কে আছেনতা নিয়ে অভিভাবক হিসেবে আমি চিন্তিত থাকবো এটাই স্বাভাবিক। আমি চাই আমাদের রাঙ্গুনিয়ার স্কুলগুলো ভালো এবং স্বচ্ছ ইমেজের মানুষরা চালাক। সভাপতির বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ও মানোন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে তিনি যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন এবং টেকাব প্রকল্পের ভাতা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে তিনি কাদের নগরের নিজ বাসভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধভোক্তা অধিকার সংরক্ষণ আইন সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার শক্তিশালী হাতিয়ার