চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ এড়াতে গিয়ে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক সিএনজি টেক্সি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে টেক্সির আরও তিন যাত্রী আহত হয়েছেন।
নিহত চালকের নাম মো. সেলিম (৪০)। তিনি উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম ছিপাতল এলাকার লিয়াকত আলীর ছেলে। তার আদি বাড়ি চন্দ্রঘোনা সূফিগোট্টা এলাকায় হলেও তিনি পরিবার নিয়ে বনগ্রাম এলাকায় থাকতেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে লিচুবাগান এলাকা থেকে যাত্রী নিয়ে গ্যাস রিফুয়েলিংয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন সেলিম। পথিমধ্যে কাটাখালী এলাকায় পৌঁছালে সড়কের পাশে ঝুলে থাকা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বড় গাছ হালকা বাতাসে দুলতে থাকে। গাছটি মাথার ওপর ভেঙে পড়ছে– এমন আশঙ্কায় সেলিম দ্রুত পাশ কাটাতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে টেঙির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি উল্টে গিয়ে চালকসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চন্দ্রঘোনার এক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্য যাত্রীরা বর্তমানে আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে গেলেও তাদের পাওয়া যায়নি।














