রোহিঙ্গা সংকট মোকাবেলায় ১ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার সহায়তার আশ্বাস দিয়েছে জাপান। জাপানের বিশেষ দূত কৃষিমন্ত্রী সুজুকি নরিকাজুর নেতৃত্বে গতকাল বুধবার দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর জোর দেন। খবর বিডিনিউজের।
বৈঠকে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল প্রকল্প এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত ও নির্বিঘ্নভাবে শেষের বিষয়েও দেশটির প্রতিনিধিরা গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী এই বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়া, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকরভাবে এগিয়ে নেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।














