রাঙ্গুনিয়া মডেল পুলিশ পৃথক অভিযান চালিয়ে একটি চোরাই ফ্রিজ উদ্ধারসহ ১ আসামীকে গ্রেপ্তার করেছে। এছাড়া অপর একটি অভিযানে পরোয়ানাভুক্ত ১ আসামীসহ মোট ২ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান চালায়। এ সময় চুরি মামলার আসামী রাকিব আহাম্মদকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি চোরাই ওয়ালটন ফ্রিজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার মো. রুহুল আমিনের ছেলে।
অন্যদিকে, অপর এক অভিযানে চন্দ্রঘোনা সুফি পাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মো. সুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২১ সালের একটি জিআর পরোয়ানাভুক্ত মামলার আসামী।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন–শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








