রাউজান উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভায় আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, উপজেলার কদলপুর ও পৌরসভা ৯ নাম্বার ওয়ার্ডে বালু তোলা ও মাটি কাটা বন্ধে কঠোর হতে হবে। তিনি এসব বিষয়ের প্রতি নজর দিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি সন্ত্রাসীদের কোনো দল নেই উল্লেখ করে বলেন, এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সন্ত্রাসীদের আখড়া ভেঙে দেয়া অভিযানে রয়েছে। রাউজানে যাদের বিরুদ্ধে অরাজক পরিস্থিতির অভিযোগ রয়েছে তাদের প্রত্যককে ধরা হবে। কেউ রেহাই পাবে না।
তিনি গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম। নিজ বিভাগের কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রাউজান পৌরসভার প্রশাসক অংছিং মারমা, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এলাকার জনপ্রতিনিধিগণ।












