রাউজানে রুমা আকতার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বাগোয়ান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঁচখাইন গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুমা ওই গ্রামের সিএনজি টেক্সি চালক মুহাম্মদ সোলেমানের স্ত্রী। তাদের সংসারে পাঁচ বছরের একটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুমা স্বামীর ঘরে ছাদের বিমের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন–এমন দাবি করে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে রাখেন। তবে গৃহবধূর ভাই আনোয়ার হোসেনের দাবি, তার বোনকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছেন। এ ঘটনায় তিনি হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন।
রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, আত্মহত্যার কথা বলা হলেও পুলিশ গিয়ে লাশ খাটে শোয়ানো অবস্থায় পেয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।












