যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের একাধিক জায়গায় একের পর এক গোলাবর্ষণ ও বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর বিডিনিউজের।
শনিবার এক বিবৃতিতে তারা বলেছে, দক্ষিণ লেবাননে তাদের সেনারা যেখানে অবস্থান করছে সেদিকে শত্রু যোদ্ধারা এগিয়ে আসায় তার প্রতিক্রিয়ায় তারা হামলা চালিয়েছে। ওই যোদ্ধারা আসন্ন হুমকি সৃষ্টি করেছিল বলেও তাদের দাবি। আত্মরক্ষার্থে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাৎক্ষণিক হুমকি নির্মূল করা যুদ্ধবিরতির আওতায় পড়ে না, বিবৃতিতে তারা একথা বলেছে বলে জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি এর আগে শনিবার দক্ষিণে লেবাননের বেইত লিফ, কানতারা ও তৌলিনে ইসরায়েলি গোলাবর্ষণের খবর দিয়েছিল। কাছাকাছি এলাকাগুলোর অনেক বাড়িঘরও গুঁড়িয়ে দিয়েছে তারা। লেবাননে ইসরায়েলের এ যুদ্ধবিরতি লঙ্ঘনের সঙ্গে ফের হরমুজ বন্ধ হওয়ার কোনো যোগসাজশ আছে কিনা তা জানা যায়নি। শনিবার ইরান বলেছে, তারা যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড এবং অবরোধের নামে দস্যুতা অব্যাহত রাখার পাল্টায় সঙ্কীর্ণ ওই জলপথটি ফের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হাতে ছেড়ে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডও জানিয়েছে, তারা ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছে।














