যুক্তরাষ্ট্রের পথে আর্জেন্টিনা দলের প্রথম বহর

| সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:১৯ পূর্বাহ্ণ

২০২৬ বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন নিয়ে রোববার বুয়েনস আইরেস থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেয় আর্জেন্টিনা জাতীয় দল। বিশ্বজয়ের নতুন এক মহাকাব্য লেখার লক্ষ্য নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্রের কানসাস সিটি, যেখানে শুরু হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের নিবিড় প্রস্তুতি ক্যাম্প। বুয়েনস আইরেস থেকে রওনা হওয়া প্রথম বহরে ছিলেন এনসো ফার্নান্দেস, হুলিয়ান আলভারেস, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি, জেরোনিমো রুলি, হোসে মানুয়েল লোপেস, ভালেনতিন বার্কো, হিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, গনসালো মন্তিয়েল, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি এবং থিয়াগো আলমাদার মতো তারকারা। অন্যদিকে, দলের অধিনায়ক ও কিংবদন্তি লিওনেল মেসি এবং রোদ্রিগো দে পল সরাসরি ইন্টার মায়ামি থেকে ক্যাম্পে যোগ দিচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা লিসান্দ্রো মার্তিনেস ও দিবু মার্তিনেসও ইংল্যান্ড থেকে সরাসরি রওয়ানা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পথে। সোমবার সকাল থেকেই পুরো স্কোয়াড একসঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে নেমে পড়বে। যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার মূল ঘাঁটি হচ্ছে স্পোর্টিং কানসাস সিটির হোম গ্রাউন্ড ‘স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার’।

খেলোয়াড়দের থাকার জন্য বেছে নেওয়া হয়েছে ‘অরিজিন হোটেল’। ২০২৩ সালে নির্মিত এই হোটেলটিতে বর্তমানে কিছু সংস্কার কাজ চলছে, যা আর্জেন্টিনা দলের মাধ্যমেই উদ্বোধন হতে যাচ্ছে। বিশেষ করে ফুটবলারদের জন্য এখানে তৈরি করা হয়েছে বিশাল এক জিমনেসিয়াম। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। আগামী শুক্রবার দলটি রওনা দেবে টেক্সাসের উদ্দেশে, যেখানে শনিবার কলেজ স্টেশনে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা। টেক্সাসে রোববারের অনুশীলন শেষে সোমবার তারা পাড়ি জমাবে আরও পূর্বে, আলাবামার অবার্নে। সেখানে ৯ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই আর্জেন্টিনা দল আবার ফিরে আসবে কানসাসের চেনা ঘাঁটিতে। সেখানেই চলবে চূড়ান্ত প্রস্তুতি। এরপর ১৬ জুন এই কানসাস সিটিতেই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার আসল মিশন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হতে দলকে যেতে হবে টেক্সাসের আর্লিংটনে, তবে ম্যাচ শেষেই চার্টার্ড ফ্লাইটে তারা আবার ফিরবে কানসাসে। ২৭ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের ক্ষেত্রেও একই সূচি নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিক-বিদ্যানন্দের ভাগাভাগির ঈদ উৎসব
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাইজিং স্টার