যাদের শুরু অনৈতিকতায়, তারা সৎ শাসন দেবে কীভাবে

নির্বাচনী জনসভায় তারেক রহমান দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

অনৈতিক বিষয় দিয়ে যারা কাজ শুরু করছেন, জনগণ কী করে আশা করবে তারা সৎ লোকের শাসন দেবেন বলে প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, তারা বিকাশ নম্বর চাইছে, এনআইডি কার্ড চাইছে, কেন চাইছে? তারা দেশের মানুষের সঙ্গে অনৈতিক আচরণ করছে; অথচ তারা বলেন সৎ মানুষের শাসন কায়েম করতে চান। আরে ভাই আপনার কাজটি শুরু করছেন অনৈতিক বিষয় দিয়ে, নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, এদেশের জনগণ কি করে আশা করবে আপনারা সৎ লোকের শাসন দেবেন। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, বর্তমানে দেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে। গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে নারীপুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালিম যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে, সেই জালিমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু নারীদের নিয়ে কীভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে। তিনি বলেন, গুপ্ত দলের নেতা প্রকাশ্যে নারীদের নিয়ে অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই দলের দেশের মাবোনদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কষ্টের প্রতি সম্মান নেই, তাদের থেকে বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না।

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে তারেক রহমান বলেন, অতীত ইতিহাস মানুষ ভুলে যায়নি, ওই গুপ্ত দলের নেতাদের সহযোগিতায় এদেশের লাখ লাখ মাবোন নির্যাতিত হতে হয়েছিল। তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে, যারা নিজে দেশের মাবোনদের সম্মান করতে জানে না, তাদের কাছ থেকে আর যাই হোক ভাল কিছু আশা করা যায় না।

জুলাই আন্দোলনে শহীদের পরিবারের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা গুম খুন ও জুলাইয়ে শহীদ ও আহত হয়েছেতাদের প্রত্যাশা ছিল দেশের মানুষের ১৬ বছর যে অধিকার ছিনিয়ে নিয়েছিল সে অধিকার ফিরে পেতে। আর এজন্য তারা গুম ও হত্যার শিকার হয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে; যারা জবাবদিহির মাধ্যমে দেশ পরিচালনা করবে বলে মনে করেন তারেক রহমান। সমাবেশ শুরুর আগে ফরিদপুরের নেতারা নিজ জেলার উন্নয়ন নিয়ে তারেক রহমানের কাছে বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, জেলার নেতারা যে দাবি তুলেছেন, সিটি কর্পোরেশন ও বিভাগ। আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে অবশ্যই সেটি পূরণ করা হবে।

তিনি বলেন, ১৭ বছর আমি দেশে ছিলাম না, শুনেছি অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু বাস্তবে দেখলাম উন্নয়নের নামে লুটপাট হয়েছে। সময় এসেছে, আপনাদের কাছ থেকে যে অধিকার ছিনিয়ে নিয়েছিল, সেটির সঠিক প্রয়োগের, আমি আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই।

দেশনেত্রী খালেদা জিয়া মাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করেছিলেন জানিয়ে তারেক রহমান বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তিনি বলেন, দেশের অনেক ক্ষতি হয়েছে, এখন দেশ গঠন করতে হবে। আমাদেরকে নতুন স্কুলকলেজ ও মিল কলকারখানা তৈরি করতে হবে। খাল ও নদী খনন করতে হবে। কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে। বহু কাজ বাকি রয়ে গেছে, দেশকে পুনর্গঠন করতে হবে।

বরিশালে বিভাগীয় সমাবেশ : জামায়াতে ইসলামকে গুপ্ত সংগঠন আখ্যা দিয়ে তাদের বিষয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। ফরিদপুরে সমাবেশের আগে গতকাল দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমানের এমন বক্তব্য আসে।

আসন্ন নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে বরিশালভোলা ব্রিজ নির্মাণ, শেরেবাংলা মেডিকেল কলেজের উন্নয়ন, ভোলায় মেডিকেল কলেজ করা, নদী ভাঙ্গন সমস্যার সমাধানে বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। পাশাপাশি রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, কৃষকদের জন্য হিমাগার নির্মাণ, কৃষি কার্ড চালু, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, তরুণদের জন্য কর্মসংস্থান, ভোলার গ্যাস কাজে লাগিয়ে শিল্প গড়ে তোলার কথাও তিনি বলেন।

পূর্ববর্তী নিবন্ধআমরা বসন্তের কোকিল নই, দেশ ছেড়ে পালাই না
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা