মোদীকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের

কৃতজ্ঞতা জানালেন মোদী

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বৃহস্পতিবার ৭৬ বছর বয়সে পা রাখলেন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাতে এক বার্তায় তারেক রহমান লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিতপ্রাণ সেবা সর্বদা সুস্বাস্থ্য ও অদম্য উদ্দীপনার সঙ্গে অব্যাহত থাকুক।’

একই বার্তা তারেক রহমান তার এক্স অ্যাকাউন্টেও পোস্ট করেন। এক্সে প্রধানমন্ত্রীর এই বার্তা শেয়ার করে নরেন্দ্র মোদী পাল্টা জবাবে লেখেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য। আপনার সদয় কথাগুলোর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’ খবর বিডিনিউজের।

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র দামোদরদাস মোদী ১৯৫০ সালের এই দিনে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের মে মাস থেকে ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০১ সালের ৭ অক্টোবর থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোদীর জন্মদিন উপলক্ষে এরইমধ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।

পূর্ববর্তী নিবন্ধসর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার
পরবর্তী নিবন্ধশুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ