ম্যাচের বয়স ১০ মিনিট হতেই থমকে যাবে খেলা। করতালি দেবেন মাঠে থাকা সবাই। খেলা শুরুর আগেই স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হবে বিশেষ ভিডিও। লিওনেল মেসির অবসরের পর তাকে এভাবেই সম্মান জানাবে আর্জেন্টিনা। এই সপ্তাহান্তে ঘরোয়া ফুটবলের সব ম্যাচেই দেখা যাবে এই দৃশ্যগুলো। স্প্যানিশ ভাষায় হাতে লেখা একটি নোটসহ ইনস্টাগ্রাম পোস্টে গত সোমবার মেসি নিশ্চিত করেন, এবারের বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের ম্যাচটিই আর্জেন্টিনার হয়ে তার শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সে তিনি তুলে রাখছেন জাতীয় দলের জার্সি।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বুধবার ঘোষণা দেয়, দেশের ফুটবলের মহানায়ককে সম্মান জানানো হবে ঘরোয়া ফুটবলের ম্যাচগুলোয়। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারকে স্বীকৃতি জানাতে, পুরুষ ও নারীদের সকল বিভাগ ও ডিসিপ্লিনে সামনের ম্যাচগুলির দিনে প্রথমার্ধের দশম মিনিটে খেলা থামানো হবে এক মিনিটের করতালির জন্য। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ভিডিও বোর্ডযুক্ত স্টেডিয়ামগুলোতে কিক–অফের আগে একটি ‘ট্রিবিউট ভিডিও’ দেখানো হবে। মেসির অবসর ঘোষণার পর এএফএ সামাজিক মাধ্যমে যে ভিডিও পোস্ট করেছে, সেটিই দেখানো হবে মাঠের পর্দায়। খবর বিডিনিউজের।
২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক মেসির। ক্যারিয়ারের শুরুর বছরগুলোয় জাতীয় দলে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। ক্লাব ও দেশের হয়ে তার পারফরম্যান্সের তুলনামূলক বিতর্ক হয়েছে তুমুল। সময়ের সঙ্গে প্রশ্ন আর সংশয় গুঁড়িয়ে মেসি পৌঁছে গেছেন শ্রেষ্ঠত্বের ঠিকানায়।
আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার (১২৫) তিনি। দেশের হয়ে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। ৩৬ বছরের খরা ঘুচিয়ে দেশকে করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন। রানার্স আপ হয়েছেন দুবার। কোপা আমেরিকা জিতেছেন দুবার। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি জয়সহ আর্জেন্টিনার জার্সিতে অসংখ্য রেকর্ড আর অর্জ ঝলমলে ক্যারিয়ার তার।
এবারের বিশ্বকাপে যেভাবে খেলেছেন তিনি, ইন্টার মায়ামির হয়ে যেভাবে খেলছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারতেন অনায়াসেই। তবে বিদায়র আবেগময় বার্তায় তিনি লিখেছেন, নিজের ভেতরে শুনতে পেয়েছেন শেষের ডাক। ‘আমি আমার সর্বস্ব দিয়েছি, দেওয়ার মতো আর কিছু বাকি নেই। এটি এমন একটি সিদ্ধান্ত, যা অবশ্যই কষ্ট দিয়েছে এবং এখনও গভীরভাবে বেদনার জন্ম দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি যে সময় এসে গেছে।’











