মেসির চোখে কি বিদায়ের আভাস?

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

অবশেষে নীরবতা ভাঙলেন লিওনেল মেসি। মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে তার। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি। শেষ পর্যন্ত প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে হার স্বীকার করে নিলেন তিনি। খেলা শেষে সাংবাদিকদের মেসি বলেন, খুব দুঃখ হচ্ছে। তবে এটুকু বলতে পারি, আমরা নিজেদের সেরাটা দিয়েছি।

স্পেন যে যোগ্য দল হিসেবেই জিতেছে, সেটিও মেনে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার ভাষায়, সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা হেরেছি। হার স্বীকার করছি। তার মানে এই নয় যে এত দিন যে ফুটবল খেলেছি, তা ভুলে যাব। সব সতীর্থ ও আর্জেন্টিনার সব মানুষকে ধন্যবাদ।

এর বেশি অবশ্য কিছু বলেননি মেসি। এরপর তিনি আর বিশ্বকাপে খেলবেন না, সেটি প্রায় নিশ্চিত। তবে আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখা যাবে কিনা, সে বিষয়ে মুখ খোলেননি তিনি। বিশ্বকাপ ফাইনালের আগে মেসির একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও বিদায়ের আভাস মিলেছিল। তাই হারের ধাক্কার পরই অবসরের ঘোষণা না দিয়ে পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলেই ধারণা করা হচ্ছে।

মেসি কিছু না বললেও তার ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগমাধ্যমে রানার্সআপের পদক গলায় ঝুলিয়ে অশ্রুসিক্ত মেসির একটি ছবি পোস্ট করেছে তারা। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘অধিনায়ক, তোমার কান্না আমাদেরও কাঁদায়। তুমি আমাদের জীবনের সেরা আনন্দ দিয়েছ। তোমার নিষ্ঠা, জাদু এবং দেশের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইকে স্যালুট। তোমাকে সারা জীবন ভালোবাসব, লিও। সব কিছুর জন্য ধন্যবাদ।’

ফুটবল অ্যাসোসিয়েশনের ওই পোস্ট থেকেই জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ের ইঙ্গিত দেখছেন অনেকেই। তবে আরও একটি জল্পনা রয়েছে। আর্জেন্টিনার মাটিতে একটি প্রীতি ম্যাচের আয়োজন হতে পারে। সেখানে খেলেই দেশের সমর্থকদের সামনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ফাইনালে হারের পর মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেন, এখন ওর ৩৯ বছর বয়স। ও এক কথায় অবিশ্বাস্য। ওর কাছ থেকে নতুন কিছু পাওয়ার আর কিছু বাকি নেই। আগেও বলেছি, আজও বলছিমেসি যত দিন চাইবে, তত দিন খেলবে। সব সমর্থক, সতীর্থ ওর পাশে থাকবে। আমি নিশ্চিত, সবাই ওকে নিয়ে গর্বিত। ও যা অর্জন করেছে, তাতে নিঃসন্দেহে সে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।

পূর্ববর্তী নিবন্ধসরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধইয়ামাল, এক জনপদের নতুন পরিচয়