মীরসরাইয়ে জোর করে বিষপান করিয়ে গৃহবধূ জেরিন আক্তারকে (২৭) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন হলেন, জেরিন আক্তারের স্বামী ওহিদুন নবী তুহিন (৩৮) ও শ্বশুর শেখ আহম্মদ (৬৮)। তারা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি। জেরিন মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
জেরিনের পরিবারের অভিযোগ, গত ১৬ আগস্ট দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকায় জেরিনকে তার স্বামী ওহিদুন নবী তুহিন, শ্বশুর শেখ আহম্মদ ও শাশুড়ি শিরিনা আক্তার জোর করে বিষপান করান। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। পরে জেরিনের পরিবার জোরারগঞ্জ থানায় হত্যা মামলা করে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিম বলেন, হত্যা মামলা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এসআই মনির আহম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।









