বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে রুকনপ্রার্থী ও অগ্রসর কর্মী শিক্ষাশিবির গতকাল শুক্রবার নগরীর সাফা আর্কেডে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহছানুল মাহবুব জোবায়ের। শিক্ষাশিবিরে দারসুল কোরআন পেশ করেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক প্রফেসর ড. আবু বকর রফিক আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক ও অর্থনৈতিক লেনদেন, সর্বক্ষেত্রে ইসলামের বিধান বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে মোয়ামালাত বা পারস্পরিক লেনদেনে সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে না পারলে একজন জামায়াত কর্মীর ব্যক্তিত্ব পূর্ণতা লাভ করে না। মানুষের আস্থা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে উত্তম চরিত্র ও সুষ্ঠু আচরণ।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মগঠন ও মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহছানুল মাহবুব জোবায়ের বলেন, দাওয়াতে দ্বীন প্রত্যেক ঈমানদারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রেস বিজ্ঞপ্তি।












