মানিকছড়ির ঢালু পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ, নিহত ৪

সাপ্তাহিক হাটে সবজি কিনতে যাচ্ছিলেন তারা

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের উপকণ্ঠ মানিকছড়িতে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি সেনা ক্যাম্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে সাপ্তাহিক হাটে শাকসবজি কেনার উদ্দেশ্যে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী পিকআপযোগে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার পিকআপটি মানিকছড়ি সেনাবাহিনীর ক্যাম্পের পাশের ঢালু পাহাড়ি সড়কে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান আরও একজন। নিহতরা হলেন নানিয়ারচর উপজেলার কৃষ্ণমাছড়া গ্রামের বাসিন্দা মেঘরানী চাকমা (৪৫), ঘিলাছড়ি এলাকার বাসিন্দা শোভা চাকমা (৫২), রাঙামাটি শহরের বিজয় নগরের বাসিন্দা শান্তি রঞ্জন চাকমা (৬৫) এবং আমানতবাগ এলাকার বাসিন্দা শান্তনা চাকমা (৩৮)। এরমধ্যে গুরুতর আহত শোভা চাকমাকে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যায়। আহত অন্য দুজন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, সকালে হাসপাতালে তিনজনের মরদেহ আনা হয়েছে। দুইজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একজনকে চট্টগ্রামে রেফার্ড করা হয়। নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অমর জীবন চাকমা জানিয়েছেন, নিহতরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী এবং সবাই কুতুকছড়ি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন।

এদিকে, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনার পর রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান রাঙামাটি জেনারেল হাসপাতালে আসেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, রাঙামাটি কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী কুতুকছড়ি বাজার সবজি কেনার উদ্দেশ্যে রওনা দেন। মানিকছড়ি আর্মি ক্যাম্পের আগে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং পরে আরও একজনকে চট্টগ্রাম নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় তিনজন নারী, এক পুরুষ রয়েছেন। এ ঘটনায় নিহতদের ময়নাতদন্ত হবে না, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিংয়ে ১২ আইনজীবীসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত