মাথায় ভেঙে পড়ে গোলপোস্ট, মৃত্যু স্কুলছাত্রের

টার্ফে খেলতে গিয়ে আহত হয়েছিল এনায়েত

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৪:৩২ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় টার্ফে ফুটবল খেলতে গিয়ে গোলপোস্টের লোহার বার মাথায় পড়ে গুরুতর আহত হওয়া স্কুলছাত্র মো. এনায়েত উল্লাহর () মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনায়েত সাতকানিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সতিপাড়া এলাকার মো. হারুনুর রশিদ বাদশার ছেলে। সে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, গত শুক্রবার দুপুরে ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি টার্ফে ফুটবল খেলতে যায় এনায়েত। খেলার একপর্যায়ে গোলপোস্টের বারে ঝুলতে চেষ্টা করলে লোহার গোলবারটি উপড়ে তার মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুচ বলেন, এনায়েত খুব ভালো ছাত্র ছিল। চঞ্চল প্রকৃতির ছেলেটিকে সবাই স্নেহ করত। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম আন্তঃনগরে সময় লাগবে সাড়ে ৩ ঘণ্টা
পরবর্তী নিবন্ধসমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায় ৮১ হাজার ৪৭১ কোটি টাকা