মাইলফলকের হাতছানিতে ক্যারি,স্মিথ,স্টার্ক,মুশফিক

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:৩৩ পূর্বাহ্ণ

একাধিক ব্যক্তিগত মাইলফলকের হাতছানিতে রয়েছেন অস্ট্রেলিয়াবাংলাদেশ দু’দলের কয়েকজন ক্রিকেটার। ম্যাকাইয়ে ৫০তম টেস্ট খেলতে নামছেন উইকেটকিপারব্যাটার অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার হয়ে এই মাইলফলকে পৌঁছানো সপ্তম উইকেটকিপার হবেন তিনি। স্টিভেন স্মিথের সামনে আরও বড় অর্জন, আর মাত্র ৫০ রান করলেই স্মিথ ওয়াহকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন তিনি। মিচেল স্টার্কের সামনেও রয়েছে বিশেষ মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে ৪০০ উইকেটের মাইলফলক থেকে মাত্র তিন উইকেট দূরে এই বাঁহাতি পেসার। স্মিথের সামনে রয়েছে ক্যাচের রেকর্ড। টেস্টে ননউইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচের তালিকায় জো রুটের সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকা স্মিথের প্রয়োজন আর মাত্র একটি ক্যাচ। বাংলাদেশের হয়ে নজর থাকবে অভিজ্ঞ মুশফিকের দিকেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে প্রথমবার তাদের মাটিতে টেস্ট খেলতে নেমেই গুরুত্বপূর্ণ ৩৬ রানের ইনিংস খেলেছেন তিনি। এবার তার সামনে আরও বড় ব্যক্তিগত মাইলফলক। টেস্টে ৭ হাজার রান থেকে মাত্র ১৫৮ রান দূরে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

ম্যাচটি মুশফিকের পাশাপাশি পুরো বাংলাদেশের জন্যই হতে পারে ঐতিহাসিক। ডারউইনের জয় ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এবার সেই সাফল্যকে সিরিজ জয়ে রূপ দেওয়ার সুযোগ। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরার একমাত্র পথ জয়। তাই ম্যাকাইয়ে লড়াইটা শুধু দুই দলের নয়, দুই ভিন্ন লক্ষ্যেরও। বাংলাদেশের সামনে ইতিহাস, অস্ট্রেলিয়ার সামনে সম্মান বাঁচানোর চ্যালেঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুলের জয়
পরবর্তী নিবন্ধপ্রতিভা খুঁজতে বিসিবির নতুন টুর্নামেন্ট জিডি ট্রফি