মঞ্চ মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৩ জুন, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন কানাডার শিল্পী নোরা ফাতেহি এবং বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্চয় দেব। মেক্সিকোর পরদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান তিন আয়োজক দেশের আরেকটি কানাডায় অনুষ্ঠিত হলো। টরন্টো স্টেডিয়ামে গতকাল শুক্রবার রাতে শুরুতে তুলে ধরা হয় কানাডার সংস্কৃতি, সবাইকে স্বাগত জানান কানাডিয়ান সংগীত শিল্পী উইলিয়াম প্রিন্স। গান পরিবেশন করেন অ্যালেসিয়া কারা। এরপর পারফর্ম করেন বলিউড নৃত্যশিল্পীঅভিনেত্রী নোরা ফাতেহি, তার সঙ্গে যোগ দেন বাংলাদেশিআমেরিকান ডিজে তারকা সঞ্জয় দেব ও ফরাসি গায়ক ভেজেড্রিম। তাদের পরিবেশনা মন কেড়ে নেয় দর্শকদের।

প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। প্রথম দিন মেক্সিকো, এরপর গতকাল দ্বিতীয় দিনে সহআয়োজক দেশ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এবং জৌলুসপূর্ণভাবে সহআয়োজক কানাডা নিজেদের মাটিতে জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের উৎসবে শামিল হয়। গতকাল রাতে টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপকে বরণ করা হয় সংগীত এবং নৃত্যের মাধ্যমে।

কানাডার প্রথম অধিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চস্থ করেন। আকর্ষণীয় ড্রাম বিটে ভরপুর নোরা ফাতেহি, ফ্রেঞ্চ হিপ হপ গায়ক ভেজেড্রিম ও বাংলাদেশিআমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় পরিবেশনা দ্রুতই দর্শকদের মন কাড়ে।

বিশ্বকাপের এই বিশেষ আয়োজনে অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় সংগীতশিল্পীরা। অন্যতম আকর্ষণ কানাডিয়ান শিল্পী নোরা ফাতেহি, যিনি বলিউডে নিজের নাচ ও সংগীত প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি গড়ে তোলেন। নোরা ফাতেহি এবার মঞ্চে পরিবেশন করেছেন তার নতুন গান। তিনি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। তিন শিল্পীর যৌথ পরিবেশনা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

নোরা এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও ফিফার বিশ্বমঞ্চে ফিরে আসেন তিনি। নোরা সংগীত, নৃত্য এবং মঞ্চনৈপুণ্যের অসাধারণ সমন্বয় ঘটিয়ে দর্শক পরিপূর্ণ স্টেডিয়ামে মুগ্ধতা ছড়িয়ে দেন। নোরার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন কানাডার জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না, জেসি রেয়েজ, মাইকেল বুবলে এবং উইলিয়াম প্রিন্স। বৈচিত্র্যময় এই শিল্পী তালিকা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে বিশ্বমঞ্চে। যা ফুটবল, সংগীত এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটায় টরেন্টো স্টেডিয়ামে। বিশ্বকাপ উৎসবের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হয় এতে করে। বিশেষ করে নোরা ফাতেহি, ভেজিড্রিম এবং বাংলাদেশিআমেরিকান শিল্পী সঞ্জয়ের যৌথ পরিবেশনা বাড়তি আকর্ষণের সৃষ্টি করে।

উল্লেখ্য, সঞ্জয় দেবের জন্ম শ্রীমঙ্গলে হলেও তার শৈশব কেটেছে চট্টগ্রামে। পরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং সেখানেই সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করে নেন। বিশ্বকাপের অফিসিয়াল থিম, আলোকসজ্জা এবং বহুসাংস্কৃতিক পরিচর। দেশটির বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী শিল্পীদের পরিবেশনায় উঠে আসে ঐক্য, বৈচিত্র্য এবং ফুটবলের বৈশ্বিক বন্ধনের বার্তা। মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানের ধারাবহিকতায় টরন্টোর অনুষ্ঠানও ছিল বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তোলায় প্রয়াস। মাঠে খেলা শুরুর আগেই দর্শকরা উপভোগ করেন সংগীত, নৃত্য ও আলোর এক অনন্য মেলবন্ধন।

পূর্ববর্তী নিবন্ধএবারও বাজেটে গুরুত্ব পেল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধগণমানুষের বাজেটকে যারা দলীয়করণ বলছে তারা নিকৃষ্ট প্রকৃতির