ভেস্তে গেল দ্বিতীয় দফা শান্তি আলোচনা

সফর বাতিল মানেই আবার যুদ্ধ শুরু নয় : ট্রাম্প একতরফা দাবি মেনে নেবে না ইরান, পাকিস্তান ছাড়লেন আরাকচি

আজাদী ডেস্ক | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৬:৩৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে গেলেও তাৎক্ষণিকভাবে যুদ্ধ পুনরায় শুরুর আশঙ্কা নাকচ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, নিজেদের ‘রেড লাইন’ থেকে সরে না আসার ইঙ্গিত দিয়ে সরাসরি আলোচনায় অনাগ্রহ দেখিয়েছে ইরান, ফলে অচলাবস্থা আরও স্পষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের পূর্বপরিকল্পিত পাকিস্তান সফরের সূচি বাতিল করেছেন। ইরানের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় অংশ নিতে তাদের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। ট্রাম্প ফক্স নিউজকে মার্কিন প্রতিনিধিদের ওই পরিকল্পিত সফরসূচি বাতিল হওয়ার কথা জানিয়েছেন।

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল শনিবার সকালে উইটকফ ও কুশনারের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। কিন্তু ইসলামাবাদে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার সফরসঙ্গীদের নিয়ে পাকিস্তান ত্যাগ করার পর ট্রাম্প মার্কিন প্রতিনিধিদলের সফরসূচি বাতিল করেন। আরাকচি ও ইরানি প্রতিনিধি দল শনিবার দিনভর ইসলামাবাদে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের রেড লাইনগুলো কী আর কোথায় তেহরানের আপস করার সুযোগ আছে, তা নিয়ে বিস্তারিত আলাপ করেন।

পাকিস্তানি কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, তারা এখনও আশাবাদী। তারা ইরানের অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনেছেন আর কিছু ক্ষেত্রে তেহরানের নমনীয় হওয়ায় লক্ষণ দেখেছেন। এখন ইরানিরা তাদের যা বলেছে সে বিষয়ে পাকিস্তানিরা যদি আমেরিকানদের বোঝাতে সক্ষম হয় তাহলে দুইপক্ষের মধ্যে শান্তি আলোচনা যোগ দিতে ইরানের প্রতিনিধিদল আবার পাকিস্তানের ফিরে যেতে পারে বলে আশা করছেন পাকিস্তানি কর্মকর্তারা।

প্রতিনিধিদলের সফর বাতিল মানেই আবার যুদ্ধ শুরু নয় : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় যোগ দিতে মার্কিন প্রতিনিধিদলের ইসলামাবাদ যাওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ার স্বয়ংক্রিয় মানে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়ে যাওয়া নয়। সফরসূচি বাতিল করার অর্থ তিনি আবার যুদ্ধ শুরু করবেন, এমন দাঁড়াচ্ছে কিনা প্রশ্নে ট্রাম্প মার্কিন গণমাধ্যম অ্যাঙিওসকে বলেননা, এর অর্থ তা না। আমরা এখনো এ বিষয়টি নিয়ে ভাবিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সফরে গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যান। তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এঙে এক পোস্টে জানান, পাকিস্তান সফরে ইরানি কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেননি আর তেহরানের উদ্বেগগুলো মধ্যস্থতাকারী পাকিস্তানকে জানানো হবে।

আল জাজিরা জানিয়েছে, এই উচ্চপর্যায়ের বৈঠকের পর আরাকচি ইসলামাবাদ ছেড়ে যান। তবে বৈঠকে আরাকচি কী বলেছেন, তার অল্পই জানা গেছে বলে। আরাকচির নেতৃত্বধীন ইরানি প্রতিনিধিদলের ইসলামাবাদ ছেড়ে যাওয়ার খবর আসার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প জানান, তিনি ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদলের পরিকল্পিত সফরসূচি বাতিল করেছেন।

ইসলামাবাদে ইরানের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় অংশ নিতে মার্কিন পক্ষ প্রস্তুত থাকলেও তেহরানের অনাগ্রহের কারণে তা ভেস্তে গেল। কিন্তু এ বিপর্যয় সত্ত্বেও ইরানের সঙ্গে সহসাই ফের যুদ্ধ শুরু হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

একতরফা দাবি মেনে নেবে না ইরান : ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের দাবিগুলো আর যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে তাদের আপত্তিগুলো তুলে ধরেছেন। আল জাজিরা জানিয়েছে, এই উচ্চপর্যায়ের বৈঠকের পর আরাকচি ইসলামাবাদ ছেড়ে যান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। আর এই যুদ্ধের কারণে বিশ্ব বাজার টালমাটাল হয়ে পড়েছে। ৮ এপিল থেকে যুদ্ধবিরতিতে থাকা এই যুদ্ধ শেষ করার জন্য পাকিস্তান মধ্যস্থতা করছে আর ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথমবার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই পক্ষকে আরেকটি শান্তি আলোচনায় বসানোর চেষ্টা করছে তারা।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহের এই জলপথটি বন্ধ থাকায় ও ইরানের তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে রাখায় ওয়াশিংটন ও তেহরান একটি ব্যয়বহুল অচলাবস্থার মধ্যে আছে। নবম সপ্তাহে প্রবেশ করা এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম অনেক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে, এতে মুদ্রাস্ফীতি বাড়ছে আর বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাবনা ম্লান হচ্ছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাপ্তরিক টেলিগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলা হয়েছে, আরাকচি যুদ্ধবিরতি ও ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি সম্পর্কিত সর্বশেষ ঘটনাবলীর বিষয়ে আমাদের দেশের নীতিগত অবস্থান ব্যাখ্যা করেছেন।

পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে তেহরানের আপত্তিগুলোর বিষয়ে প্রশ্নে ইসলামাবাদে ইরানের কূটনৈতিক সূত্রগুলো রয়টার্সকে বলেছে, প্রধানত ইরানি পক্ষ সর্বোচ্চ দাবি গ্রহণ করবে না।

পূর্ববর্তী নিবন্ধচলতি বছর মাটি না কাটার প্রতিশ্রুতি ভাটা মালিকদের
পরবর্তী নিবন্ধজামায়াত কখনো সুস্থ চিন্তা করে না : ফখরুল