পাহাড় ও জমির টপসয়েল কাটা বন্ধের লক্ষ্যে চন্দনাইশের ইটভাটা মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ। মতবিনিময় সভায় এমপি জসীম ইটভাটা মালিকদের উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে মাটি কাটা বন্ধ করতে হবে। আপনারা এ বছরের জন্য মাটি কাটা বন্ধ রাখেন। আমি আপনাদেরকে কথা দিলাম, আপনারা মাটি কাটা বন্ধ রাখলে আপনাদেরকে কেউ হয়রানি করতে পারবে না। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ২৯ জন ভাটা মালিক হাত তুলে চন্দনাইশের কোথাও মাটি কাটা হবে না বলে প্রতিশ্রুতি দেন। ভাটা মালিকদের প্রতিশ্রুতি পেয়ে এমপি বলেন, এরমধ্যে কেউ হয়রানি করলে আপনারা আমাকে জানাবেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আজ থেকে টাকা পয়সা দেয়া বন্ধ। কাউকে টাকা দিতে না হলে আপনারা সুন্দর করে ব্যবসা করতে পারবেন। এসময় ইটভাটায় অভিযান ও হয়রানি বন্ধের ব্যাপারে এমপি জসীম উদ্দীন আহমদ ফোনের লাউড স্পিকারে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে কথা বলেন। তিনি বিভাগীয় কমিশনারকে জানান, আজ থেকে চন্দনাইশের ইটভাটা মালিকরা এ বছরে আর মাটি কাটবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই চন্দনাইশের কোন ইটভাটায় অভিযান না চালানোর অনুরোধ করছি।
এসময় বিভাগীয় কমিশনার মাটি কাটা বন্ধে এ ধরনের সিদ্ধান্ত নেয়ায় এমপিকে ধন্যবাদ জানান। এসময় চন্দনাইশের যেসব ইটভাটার পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নেই সেসব ইটভাটার কাগজপত্র নিয়ে সমস্যার সমাধান করে দিবেন বলেও জানান এমপি। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, ইটভাটা মালিক সমিতির সভাপতি আবদুর রহিম বাদশা প্রমুখ।














