ফটিকছড়ির রোসাংগিরী গ্রাম নিবাসী শ্রদ্ধেয় মনোজ কুমার দেব আমাদের প্রবর্তক স্কুল এন্ড কলেজে গত ১ জানুয়ারি ২০২৪ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজে দীর্ঘ ২৭ বছর অধ্যাপনা করেছেন। এই প্রতিষ্ঠানের প্রভাতী শাখার প্রধান শিক্ষক অতুল কুমার রায় ও আমরা সহকারী শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানাই। সেই প্রথম দিনেই তিনি আমাদের আপন করে নিলেন। তাঁর অমায়িক ও নিরহংকার ব্যবহার আমাদের মুগ্ধ করে। আমাদের প্রবর্তক পরিবারের যে কোন অনুষ্ঠানে সবাইকে একসাথে নিয়ে আনন্দ, আড্ডা ও মিলনমেলার মহাসমাবেশ ঘটাতে তিনি সবসময় সচেষ্ট থাকতেন। তিনি একজন সৃজনশীল, সাহিত্য অনুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি আসার পর মহাসমারোহে বসন্ত উৎসব, পিঠা পুলি উৎসব, রাষ্ট্রীয় সকল দিবস উদযাপন, আরো অন্যান্য অনুষ্ঠান এবং আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এই প্রতিষ্ঠানে দক্ষতা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের দুইজন শিক্ষকের বইয়ের পাঠ উন্মোচনের আয়োজন করেন। যা আমার জন্য অনেক গর্বের। অধ্যাপক বাসুদেব খাস্তগীর দাদা বইয়ের আলোচনা করেন। ২০ জুন ফল উৎসবে আমাদের প্রবর্তক সংঘের সম্পাদক ডা: শ্রী প্রকাশ বিশ্বাস, সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী ইন্দু নন্দন দত্ত, কোষাধ্যক্ষ ড. রঞ্জিত চৌধুরী, শিক্ষা ব্যবস্থাপনা উপকমিটির আহবায়ক শ্রী বনগোপাল চৌধুরীর সাথে তিনি উপস্থিত ছিলেন। গত ২৯ জুন তিনি আমাকে এইচএসসির বরণ ও বিদায় অনুষ্ঠানে কবি রাশেদ রউফ’র সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান। সেখানে অধ্যাপক রীতা দত্ত দিদিমণিও ছিলেন। তাঁর অনেক দিনের ইচ্ছে ছিল কবি রাশেদ রউফকে নিয়ে স্কুলের লাইব্রেরিতে সাহিত্য আড্ডার আসরের আয়োজন করার। এই ইচ্ছে অপূর্ণ রয়ে গেল। সেদিন স্যারকে বলেছিলাম আমাদের প্রধান শিক্ষক আপনাকে ৭ জুলাই আমাদের স্কুলের শ্রদ্ধেয় বীরেন দাদামণির জন্মজয়ন্তী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি হাসিমুখে বলেছিলেন যাবেন। আর আসা হলো না। তিনি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই প্রতিষ্ঠানে সেবা দিয়ে গেছেন। তিনি আসার পর প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে নান্দনিক সৌন্দর্যে চারপাশ ফুটিয়ে তুলেছেন। ১ জুলাই মাত্র ৫৮ বছর বয়সে স্যারকে যে আমাদের একেবারে বিদায় জানাতে হবে কল্পনাও করিনি। আসলে স্যারের সাথে আমাদের অনেক স্মৃতি যা কখনো ভোলা যাবে না।












