সিডিএফএ মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনে গতকাল সোমবার ‘ই’ এবং ‘এফ’ গ্রুপের চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় জয় পেয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, রাইজিং স্টার ফুটবল একাডেমি, ডায়নামিক ফুটবল একাডেমি ও চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমি। সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ৫–০ গোলের বড় ব্যবধানে মিরসরাই ফুটবল একাডেমিকে পরাজিত করে। বড় উঠানের একতরফা খেলার বিপক্ষে মীরসরাই সুবিধা করে উঠতে পারেনি। বড়উঠানের পক্ষে শাখাওয়াত হোসেন শাওন ২টি গোল করে। এছাড়া আরাফাত হোসেন তামিম, মো. সালমান শাহরিয়ার অভি ও আবুল হাসনাত প্রত্যেকে ১টি করে গোল দেয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির শাখাওয়াত হোসেন শাওন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আরিফুল ইসলাম। একই ভেন্যুতে সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে রাইজিং স্টার ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩–২ গোলে পাঠানটুলী ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এই খেলা ১–১ গোলে ড্র থাকে। পরে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারন করা হয়। নির্ধারিত সময়ের খেলায় রাইজিং স্টার ফুটবল একাডেমির হয়ে বেল্লাল হোসেন ও পাঠানটুলী ফুটবল একাডেমির হয়ে সাইফ হোসেন মুহিত গোল করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাইজিং স্টার ফুটবল একাডেমির গোলরক্ষক শিবাম দাশ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবু সৈয়দ মাহামুদ। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় ডায়নামিক ফুটবল একাডেমি ৪–১ গোলে শিকলবাহা স্পোর্টস ফুটবল একাডেমিকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে নেয়। বিজয়ী দলের পক্ষে জিহাদ উদ্দিন যুবরাজ, আল ইমাম নিহাল, মীর আহবাব তাহমিদ ১টি করে গোল দেয়। অন্যটি আসে ওন গোল থেকে। বিজিত দলের হয়ে মো. হাবিব গোল করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ডায়নামিক ফুটবল একাডেমির মীর আহবাব তাহমিদ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. আবদুল্লাহ আল মামুন। বিকেলে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমি ৩–০ গোলে চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আহিয়ান জায়ের ২টি গোল করে। এছাড়া মো. ছাহিল করে ১টি গোল। খেলার ম্যান অব ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমির আহিয়ান জায়ের। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এ এস এম সাইফুদ্দিন। আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এসব খেলায় অংশ নেবে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি–ইয়ং ফুটবল একাডেমি(সকাল–৯.১৫টা), সন্দ্বীপ ফুটবল একাডেমি–মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি(সকাল–১০.৪৫টা), আকুবদন্ডী ফুটবল একাডেমি–চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি(দুপুর–২.১৫টা),চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার–এম সি এস ফুটবল একাডেমি (বিকাল–৩.৪৫টা)।











