বোয়ালখালীতে হাক্কানী পেপার মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে পূর্ব কালুরঘাট এলাকায় ফ্যাক্টরিটিতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফ্যাক্টরির এডমিন ম্যানেজার আশরাফুল মওলা বলেন, দুপুর ১টার দিকে শ্রমিকদের মাধ্যমে জানতে পারি–ফ্যাক্টরির ইউনিট–২ মিডিয়া ওয়েস্টেজ গোডাউনে ধোঁয়া দেখা গেছে। তখন ঘটনাস্থলে গিয়ে শ্রমিক–কর্মকর্তাদের অবহিত করে পানি নিক্ষেপ করার কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিস এসে অগ্নিকাণ্ডের উৎস উদঘাটন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বোয়ালখালী উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার অলক চাকমা বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর বোয়ালখালী ও কালুরঘাটের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ ঘটনার সূত্রপাত হয়।
হাক্কানী পেপার এন্ড বোর্ড মিলস ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি পল্টু কান্তি বড়ুয়া বলেন, এ ঘটনায় অগ্নিশিখা দেখা না গেলেও ইউনিট ওয়েস্টেজ গোডাউনের ঐ অংশে বেশ কিছু যন্ত্রপাতি, ক্যাবল পুড়ে গেছে।












