বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশের (৫৩) মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত উজ্জ্বল দাশ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট মধুরামপাড়া এলাকার বাসিন্দা। মুক্তিযুদ্ধের সময় পোমরায় পাক হানাদার বাহিনী কর্তৃক একসাথে ১৪ জনকে নির্মমভাবে জীবন্ত কবর দেওয়ার ঘটনায় নিহতদের অন্যতম শহীদ বিরাজ দাশের ছেলে তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগে একজন ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে বোয়ালখালীর কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় কাজে যোগ দিয়েছিলেন উজ্জ্বল দাশ। গত ১৬ জুলাই সকালে কারখানার জেনারেটর রুমে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার জেনারেটর কক্ষে কর্মরত উজ্জ্বল দাশসহ অন্তত ১০ জন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন। অগ্নিদগ্ধ উজ্জ্বল দাশের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। দুর্ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গত তিন দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।












