কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় সাগরের পানিতে পড়ে শামিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শামিম ভোলা জেলার বাসিন্দা মোসলে উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। প্রায় এক বছর আগে করিমা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। করিমা বেগম চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। অসুস্থতার কারণে স্বামীকে সঙ্গে নিয়ে কুতুবদিয়ায় তার বাবার বাড়িতে যাচ্ছিলেন তিনি।
করিমা বেগম জানান, মগনামা ঘাটে পৌঁছে ডেনিস বোটে ওঠার সময় তার সামনেই অসাবধানতাবশত শামিম সাগরের পানিতে পড়ে যান। তিনি বলেন, আমার স্বামী সাঁতার জানতেন। কিন্তু পানিতে পড়ার পর খুব দ্রুত ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
ঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানান, অসাবধানতাবশত ওই যুবক পানিতে পড়ে যান। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ শফিউল আলম জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সমন্বয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে রাত হয়ে যাওয়ায় শনিবারের মতো উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
তিনি আরো জানান, নিখোঁজ ব্যক্তির মরদেহ ভেসে না ওঠা পর্যন্ত উদ্ধার কার্যক্রমে কিছুটা জটিলতা রয়েছে।












