পাকিস্তানের বেলুচিস্তানের চাগাই জেলায় একটি তামা ও স্বর্ণখনি প্রকল্প এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় প্রকল্পে কর্মরত অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামলা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে খনি কোম্পানি ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল)। খবর বিডিনিউজের। তারা বলছে, হামলার খবর পেয়ে ফ্রন্টিয়ার কোরসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ছুটে আসে এবং পুরো এলাকা ঘিরে অভিযান চালায়। এনআরএলের বিবৃতিতে হতাহতের উল্লেখ না থাকলেও পরে স্থানীয় কর্তৃপক্ষ হামলার ঘটনা এবং তাতে ৯ জন নিহতের খবর নিশ্চিত করেন বলে জানিয়েছে ডন। দুই নিরাপত্তরক্ষীসহ অন্তত ৯ কর্মী নিহত হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে এমনটাই বলেছেন চাগাই প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা। হামলা ও ৯ নিহতের কথা নিশ্চিত করেছে পুলিশ কর্মকর্তারাও। সব মরদেহ দালবানদিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে পাঠানো হয়েছে। বিবৃতিতে এনআরএল বলেছে, তারা বেলুচিস্তানের স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নের প্রতি পূর্ণ অঙ্গীকারাবদ্ধ রয়েছে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দারিগোয়ান প্রকল্প এলাকায় কর্মরতদের মধ্যে ৯০ শতাংশের বেশিই বেলুচিস্তানের বাসিন্দা, বলেছে তারা।













