ভয়ংকর হয়ে উঠছে ম্যালেরিয়া। কেবল গত এক মাসেই (জুন) এ রোগে আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও গত এক মাসে ম্যালেরিয়া আক্রান্ত ৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। যারা চমেক হাসপাতালসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ রোগীর মধ্যে ৩ জন চট্টগ্রাম জেলার। এর মাঝে একজন মহানগরীর বাসিন্দা এবং ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলার একজন করে। অন্যদিকে, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২ জন, রাঙ্গামাটির ১ জন এবং কঙবাজারের চকরিয়ার একজন রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, গত মাসে শনাক্ত মোট ৩৬ রোগীর মধ্যে ২৮ জন চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আর লোহাগাড়া উপজেলায় ৬ জন এবং হাটহাজারী ও চন্দনাইশ উপজেলায় একজন করে রোগী শনাক্ত হয়েছে। ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যাওয়া ও ভয়ংকর হয়ে উঠায় প্রয়োজনীয় প্রস্তুতির পাশাপাশি ম্যালেরিয়ার পর্যাপ্ত ওষুধ সংগ্রহে রাখতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।












