‘ক্লিন সিটি, গ্রিন সিটি, সেইফ সিটি ও হেলদি সিটি’ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বুয়েট অনুমোদিত থ্রি–হুইলার ই–রিকশার দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নগর ভবনের সামনে মানববন্ধন করেছে চট্টগ্রাম সিটি প্যাডেল চালিত রিকশা মালিক ও চালক পরিষদ। মানববন্ধনে বক্তারা বলেন, নগরীতে অনিয়ন্ত্রিত গতির অটোরিকশা এবং প্রচলিত প্যাডেল চালিত রিকশার পরিবর্তে বুয়েট অনুমোদিত ই–রিকশা চালু করা হলে নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে। বক্তারা বুয়েট অনুমোদিত ই–রিকশার বিভিন্ন কারিগরি বিষয় তুলে ধরে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে এই যানবাহন চালু করা হলে নগরীর যানজট ও সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে অনিয়ন্ত্রিত গতির অটোরিকশা ও প্যাডেল চালিত রিকশার অপব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তারা। এ সময় নেতৃবৃন্দ সরকার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত ই–রিকশার অনুমোদন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে চট্টগ্রাম নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ‘সেইফ সিটি’ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। মানববন্ধনে চট্টগ্রাম সিটি প্যাডেল চালিত রিকশা মালিক পরিষদের সভাপতি আব্দুল কাদের মজুমদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম সিএনজি অটোরিকশা চালক ইউনিয়ন (রেজি. নং–১৪৮৭)-এর সভাপতি মধু সরকার।
এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি প্যাডেল চালিত রিকশা মালিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মজিব, মহানগর রিকশা মালিক পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান মোস্তফা, রিকশা চালক সমিতির সদস্য জেসমিন আক্তার, রিকশা মালিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন সোহাগ। এ ছাড়া উপস্থিত ছিলেন মোঃ মানিক মিয়া, মোঃ রাজু, মোঃ নজরুল ইসলাম, মোঃ সোলাইমান, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ আসিফসহ বিপুলসংখ্যক প্যাডেল চালিত রিকশা মালিক ও চালক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












