বিশ্বকাপে তরুণদের সাথে লড়ছে এবার বুড়োরাও

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

বিশ্বকাপে তারুণ্যের ফুটবলে এবার বুড়োদেরও দেখা যাবে। সবচেয়ে বেশি ৪০ বা তার বেশি বয়সী ফুটবলার দলে জায়গা পেয়েছেন এবারই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে আছেন আটজন ৪০ বা তার বেশি বয়সী ফুটবলার। বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু দেখা যায়নি কখনও। গত ২২টি আসর মিলিয়েই মোট সাত জন চল্লিশোর্ধ ফুটবলার বিশ্ব মঞ্চে অংশগ্রহণ করেছেন। আগের সেই সাত জনের ছয় জনই ছিলেন গোলরক্ষক। আরেকজন ক্যামেরুনের স্ট্রাইকার রজার মিলা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা তিনি। ১৯৯৪ আসরে ৪২ বছর বয়সে রাশিয়ার বিপক্ষে গোলটি করেছিলেন এই আফ্রিকান তারকা। মিলার সেই রেকর্ড ভাঙার মতো এবার সেই অর্থে কেউ না থাকলেও, ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও এদিন জেকোর সামনে সুযোগ আছে চল্লিশোর্ধ বয়সে বিশ্বকাপে গোল করাদের সেই অভিজাত ক্লাবে নাম লেখানোর। এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলার স্কটল্যান্ডের ৪৩ বছর বয়সী গোলরক্ষক ক্রেইগ গর্ডন। মাঠে নামার সুযোগ পেলে, বিশ্বকাপে খেলা দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন তিনি। রেকর্ডটি মিশরের গোলরক্ষক এসাম এল হাদারির। ২০১৮ আসরে ৪৫ বছর বয়সে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামেন তিনি। গোলরক্ষক ছাড়া, এবার সবচেয়ে বয়স্ক ফুটবলার রোনালদো। ৪১ বছর বয়সে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছেন পর্তুগিজ মহাতারকা। তার সমান ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার দুয়ারে দাঁড়িয়ে ৪০ বছর বয়সী মেঙিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া ও আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি, আগামী ২৪ জুন যিনি ৩৯তম জন্মদিনের কেক কাটবেন। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া, ৪০ বছর পার করা বাকি খেলোয়াড়দের মধ্যে রয়েছেননবাগত কেপ ভার্দের গোলরক্ষক ভসিনিয়া এবং ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার। আর মঙ্গলবার ৪০তম জন্মদিন উদযাপন করবেন উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধ৬০০ সমর্থকের যাত্রার খরচ দেবে জার্মান ফুটবলাররা