বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিভাগীয় পর্যায়ে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে কক্সবাজার জেলা ৫৩ রানে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে কক্সবাজার ৪৫.২ ওভার খেলে ১১৮ রান করে। জবাবে খাগড়াছড়ি ২৫.১ ওভারে ৬৫ রান করতে পারে। ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের আহাদ করিম। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ১১ দলের অংশগ্রহণে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু, বিসিবির বিভাগীয় কোচ মোমিনুল হক, সিজেকেএস সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন সহ অংশগ্রহণকারী জেলার কর্মকর্তারা। আজ থেকে টুর্নামেন্টের খেলাসমূহ দুই ভেন্যু চট্টগ্রাম সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠ ও নোয়াখালী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।










