সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম–রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন–২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬–৫৯ মাস বয়সী শিশুকে বিনামূল্যে এক ডোজ টিকা প্রদানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত এমআর টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুছা মিয়া, বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েমনের সেক্রেটারি জেনারেল ও চমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু স্বাস্থ্য বিভাগ) ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন ঢালী, ফৌজদারহাট বিআইটিআইডি’র পরিচালক ডা. ইফতেখার আহমেদ, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, ইউনিসেফ’র হেড অব জোন মিস্ মাধুরী ব্যানার্জী, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. ইমং প্রু চৌধুরী ও ইউনিসেফ’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা বলেন, হাম নিমূলে সর্বত্র সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। এমআর টিকা নিয়ে গুজব ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
স্বাগত বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায় জরুরি ভিত্তিতে প্রথম দফায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে মন্ত্রণালয়। এ সময়ে চট্টগ্রাম বিভাগের কঙবাজার জেলার রামু, মহেশখালী, চাঁদপুর জেলা সদর ও হাইমচর উপজেলাও কর্মসূচি শুরু হয়। ২০ এপ্রিল থেকে সারা দেশে এই হাম–রুবেলার (এমআর) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সরকারী ছুটির দিন ব্যতীত আগামী ১০ মে পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। চট্টগ্রাম বিভাগে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪২ লাখ শিশুকে বিনামূল্যে হাম–রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বয়সী শিশুর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে এমআর টিকা নিতে পারবে। চট্টগ্রাম বিভাগের মোট ১৬৪টি স্থায়ী কেন্দ্র, ২৪ হাজার ৬৪০টি ভ্যাকসিনেশন সেন্টারে সরকারী ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ টিকা দেয়া হবে। ক্যাম্পেইন চলাকালীন ১ হাজার ১৫টি মপ–আপ টিম ও সান্ধ্যকালীন ১৬টি টিম এ টিকা প্রদানের দায়িত্বে নিয়োজিত থাকবে। হাম–রুবেলা ক্যাম্পেইন সুচুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।














