মাদক ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে বোয়ালখালীর রুপম চৌধুরীকে এবার ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খানের আদালত এ রায় ঘোষণা করেন। এসময় রূপম চৌধুরী কাটগড়ায় হাজির ছিলেন না। পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। দুদক পিপি মোকাররম হোসাইন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতসূত্র জানায়, মাদক ব্যবসার মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রূপম চৌধুরী এমন অভিযোগে দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এতে তার বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৫ লাখ ৬ হাজার ৮৩০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬১ লাখ ৫১ হাজার ৮৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। প্রসঙ্গত, বোয়ালখালী উপজেলার সরোয়াতলী এলাকার বাসিন্দা রূপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা রানী চৌধুরীকে গত ১৩ এপ্রিল সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপর একটি মামলায় ৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।














