বিপ্লব কুমারকে সম্পদ বিবরণী জমার নোটিশ দেবে দুদক

৩৪১ হিসাবে লেনদেন

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১১ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ৩৪১টি হিসাবে প্রায় ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার সম্পদ পাওয়ারও তথ্য দিয়েছে সংস্থাটি।

বিপ্লব কুমারকে এ কারণে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেছেন দুদক সচিব সাইদুর রহমান খান। গতকাল রোববার দুদকের ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি। খবর বিডিনিউজের।

দুদকের অভিযোগ, সরকারি চাকরিতে থাকার সময় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস আড়াল করতে বিপ্লব কুমার নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন হিসাব ব্যবহার করেছেন। তার এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২১টি ব্যাংকে ৩২৫টি, দুটি আর্থিক প্রতিষ্ঠানে ৩টি এবং সাতটি ব্রোকারেজ হাউজে ১৩টি হিসাব পাওয়া গেছে। সব মিলিয়ে হিসাবের সংখ্যা ৩৪১টি। এসব হিসাবের মাধ্যমে ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এছাড়া বিপ্লব কুমারের বিরুদ্ধে নামে–বেনামে সম্পত্তি কেনা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি।

অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রাসেল রনি এর প্রেক্ষিতে বিপ্লব কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সুপারিশ করেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় ২২ হাজার কেজি লোহা ও ব্যাটারির স্ক্র্যাপসহ ৭ চোরাকারবারি আটক
পরবর্তী নিবন্ধসালমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক