বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান ওএসডি

চট্টগ্রামে সফরসূচি বাতিল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৪:২৭ পূর্বাহ্ণ

আজ মঙ্গলবার সকালে বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমানের চট্টগ্রাম ভ্রমণের সরকারি সফরসূচি ঘোষণা করা হয়েছিল। গত ২৬ জুলাই বিপিসি থেকে জারি করা পত্রে চেয়ারম্যান চট্টগ্রামে এসে মাসিক সমন্বয় সভা, পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনাসহ দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। রাতেই তিনি ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। একইদিন বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে ওএসডি করা হয়েছে। এ বদলির ফলে আজ মঙ্গলবার তার নির্ধারিত চট্টগ্রাম সফরও বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করে বিপিসির সচিব শাহিনা সুলতানা সংবাদমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের কর্মসূচি ছিল। সেখানে তার একাধিক সভায় অংশ নেওয়ার কথা ছিল। তবে বদলির আদেশ জারি হওয়ায় সেই সফর বাতিল করা হয়েছে।’

এর আগে, গত ২ ফেব্রুয়ারি মো. রেজানুর রহমানকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে শিশুমৃত্যু কমেছে : বিবিএস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু