চট্টগ্রামে গতকাল ডেঙ্গুতে ৬০ বছর বয়সী নুরজাহান বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয় বলে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে চিকিৎসকরা তার মৃত্যুর কারণ হিসেবে এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিন্ড্রোম উল্লেখ করেছেন। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহার আজিম পাড়া এলাকার বাসিন্দা। এ নিয়ে গতকাল পর্যন্ত চলতি বছর তিন জন ডেঙ্গুতে মারা গেছেন। এরমধ্যে দুই জন মহিলা এবং একজন পুরুষ।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল নতুন করে আরও ২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৭৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন, সিএমএইচে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৪৩৯ জন পুরুষ, ১৯১ জন নারী এবং ১২৫ জন শিশু রয়েছে।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৮ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত হন ২২ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৯ জন, মে মাসের ৩৭ জন, জুনে ১২২ জন এবং চলতি জুলাইয়ে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন ৪৫৭ জন।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।












