বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। তিনি একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন। গতকাল সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।’ তারেক রহমান প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দিয়ে বলেন, ‘যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।’ বন্ধ থাকা সরকারি কলকারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রদীপসহ ৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদনে বাদীর নারাজি
পরবর্তী নিবন্ধএভিয়েশন ইন্ডাস্ট্রিতে বিশাল সম্ভাবনা