বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি একলাফে ২০ গুণ বাড়িয়ে ২ লাখ ইয়েন (১,২৭০ মার্কিন ডলার) করেছে জাপান। তাছাড়া, জাপানে স্থায়ী হতে ইচ্ছুক বিদেশিদের জন্য নতুন আয়, পেনশন ও জাপানি ভাষা সংক্রান্ত কিছু শর্তও আরোপ করেছে সরকার। বর্ধিত ফি কার্যকর হওয়ার আগে আবেদন জমা দিতে চলতি সপ্তাহের শুরুর দিকে জাপানের অভিবাসন দপ্তরগুলোর বাইরে আবেদনকারীদের লম্বা লাইন দেখা গেছে। রাজধানী টোকিওর মূল অভিবাসন ব্যুরোতে একেকজনকে সাত ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। খবর বিডিনিউজের। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির অভিবাসন নীতিতে দফায় দফায় পরিবর্তনের অংশ হিসাবে ফি বাড়ানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর লক্ষ্য, দেশটিতে দ্রুত বাড়তে থাকা বিদেশি নাগরিকের সংখ্যা নিয়ন্ত্রণ করা। এর আগে জুলাইয়ে সব বিদেশির ভিসা ফি পাঁচ গুণ বাড়িয়েছে জাপান। ৫০ বছরের মধ্যে এটিই ছিল জাপানের প্রথম ভিসা ফি বৃদ্ধি। কর্তৃপক্ষ জানিয়েছিল, মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়ে এই ফি বাড়ানো হয়েছে।
গত বছর অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন ব্যবস্থাপনা জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির অন্যতম প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে। স্থায়ী বসবাসের অনুমতির ফি বাড়ানোর কয়েক দিন আগে এক্সে দেওয়া এক পোস্টে তাকাইচি লেখেন, জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা বাড়ায় ‘জনগণের একাংশ উদ্বেগ বা অন্যায্যতা বোধ করতে পারেন’,এ বিষয়টি তার সরকার স্বীকার করে।












