এবারের ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সমপ্রচার করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেলে ১১ জুন পর্দা উঠতে যাওয়া এই বিশ্বকাপ রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সমপ্রচার করা হতে পারে। বিটিভি মহাপরিচালক মাহবুবুল আলম বুধবার বলেন, তথ্য ও সমপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবেন। ‘বিশ্বকাপ ফুটবল সরাসরি সমপ্রচার নিয়ে অগ্রগতি প্রায় শেষ পর্যায়ে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। মন্ত্রী মহোদয় সেই ঘোষণা দেবেন।’ খেলা দেখানোর সম্ভাবনা কতটুকু জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভাবনা এখন চূড়ান্ত পর্যায়ে। একটু কাজ বাকি আছে, সেটা শেষ হলেই ঘোষণা হবে।’ আগামী ১১ জুন পর্দা উঠছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপের। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এবারের আয়োজক।
তিন দেশের ১৬টি শহরে এবার রেকর্ড ৪৮টি দল খেলতে নামবে। বাংলাদেশে বিশ্বকাপের খেলাগুলো সমপ্রচার স্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক স্প্রিংবক পিটিই লিমিটেড। তাদের কাছ থেকে স্বত্ব কিনে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর খেলা সমপ্রচার করার কথা ছিল। এখন ফিফার সঙ্গে সরকারের আলোচনার চূড়ান্ত হলে বিটিভি খেলা সরাসরি সমপ্রচার করতে পারবে।











