বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

মমতার ভিডিও বার্তা

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুই দফা ভোটগ্রহণ শেষে অধিকাংশ বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার খবরের মধ্যে মুখ খুলেছেন রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার দাবি, বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপ দেখাতে বাধ্য করেছে। ২৯৪ বিধান সভা আসনের মধ্যে সরকার গঠনের জন্য ২২৬টিতে তৃণমূলই জিতবে বলে তিনি নিশ্চিত। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় মমতা বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে বিজেপি অফিস থেকে, কালকে (বুধবার) বেলা ১টা ০৮ মিনিটে সার্কুলেট করেছে। টাকা দিয়ে বলেছে, যেন এটা লেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে ১টা ৮ এ। আমি কোনো একটা প্রেস মিডিয়ার মাধ্যমে পেয়েছি। সেই তথ্যে দেখা যাচ্ছে, তারা ফোর্সফুলি বলছে, তোমাকে করতে হবে এটা।

১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা ‘দিদি’ বলেন, কারণটা আসলে জানেন আপনারা? আমরা ২৩০(আসন) পেয়ে যেতে পারি। ২২৬ অতিক্রম করব ২০২৬এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে তাদের প্রতি আমার পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বাহিনীর ‘যৌথ অত্যাচার’ তৃণমূল কর্মীদের সহ্য করতে হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। খবর বিডিনিউজের। ভোটার ও দলের কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এত রোদের মধ্যেও, সবকিছু অত্যাচার সহ্য করেও আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপন লড়াই করে, অনেক অত্যাচার সহ্য করে, সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও, পুরো সরকার যন্ত্রপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এবং ১৯টা রাজ্যের বিজেপি নেতাদের, অর্থভাণ্ডার, শক্তির ভাণ্ডার, বন্দুকের ভাণ্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারাই ভোট বাক্সে হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৮.৩৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসু চির সাজা আরেক দফা কমাল মিয়ানমার সরকার