বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : জামায়াত আমির

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনিএমন অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতীর স্বার্থে আপনারা ভুল করছেন। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। জনরায়কে সম্মান করুন, জনরায়কে সম্মান না করার পরিণতি কী হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না।

গতকাল শনিবার বিকালে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনায় বিভাগীয় সমাবেশে শফিকুর রহমান এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তোষামোদ করার জন্য নয়। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়। বরং দুনিয়ার বুকে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। খবর বিডিনিউজের।

তিনি বলেন, চুরি, ডাকাতি, ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে। আমরা সংসদে যা আছি, তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাব। যদি ফয়সালা সংসদে না হয়, তাহলে যেখানে কথা বলতে মাননীয় স্পিকার বলতে হয় না, যেখানে কথা বলতে স্পিকারের অনুমোদন লাগে না। সেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর. রাজশাহী, বগুড়ার মাঠ সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। এই আগ্নেয়গিরির দাবানলে সমস্ত আবর্জনা পুড়ে ছারখার হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব বাবা দিবস উপলক্ষে দি চিটাগং ট্রাস্টের সংবর্ধনা অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধমাদকবিরোধী দিবস উপলক্ষে আর্কের সাংস্কৃতিক অনুষ্ঠান