বাবার খোকা

সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

দিদি তাকে ডাকে বোকা

ভাই বলে এক রোখা

বন্ধুরা বলে থাকে বইয়ের পোকা

সে বাবার খোকা।

বই পেলে তার আর কিছু লাগে না

কোন অপবাদে কভু সে রাগে না

কারো কথাতেই তাকে যায়না রোখা

সে বাবার খোকা।

অভ্যাসে এমনিতে কম কথা কয়

বকবক মানে নাকি সময় অপচয়

কল্পবিজ্ঞানে মন তার ঝোঁকা

সে বাবার খোকা।

তার মতে কম বলা মানুষেরা গুনি

যেমনটি হয়ে থাকে জ্ঞানি ঋষি মুনি

কথাতে মানুষে নাকি খায় ভালো ধোকা

সে বাবার খোকা।

ক্লাশের অবসরে সুযোগ পেলে

আনন্দ পায় সে ক্রিকেট খেলে

চার ছয় তুলে নেয় বেটে দিয়ে টোকা

সে বাবার খোকা।

পূর্ববর্তী নিবন্ধছদ্মবেশ
পরবর্তী নিবন্ধনতুন বছর