১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাচ্ছে ৪৮ দলের ঐতিহাসিক ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ২০দিন। বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য এবারের আসর ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। খেলা দেখতে পারবে কি পারবে না– সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। দেশের কোনো টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম ফুটবল বিশ্বকাপের সমপ্রচার স্বত্ব কিনতে না পারায় ফুটবল ভক্তদের উৎকন্ঠা বাড়ছে। তাহলে বাংলাদেশে কি বিশ্বকাপ ফুটবল ব্লাকআউট থাকছে? বিশ্বকাপ সমপ্রচার নিয়ে এমন আশঙ্কা কেন তৈরি হয়েছে? ২০২২ বিশ্বকাপ সমপ্রচার স্বত্ব কিনে বড় ধরনের লোকসান নাকি হয়েছিল বাংলাদেশ টেলিভিশনের। এবার ফিফার কাছ থেকে বাংলাদেশের জন্য সমপ্রচার স্বত্ব কিনেছে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি স্প্রিংবক। বাফুফের একটি সূত্র বলেছে, সিঙ্গাপুরের এই কোম্পানি বাংলাদেশ টেলিভিশনের কাছে দেড়শত কোটি টাকার মতো দাবি করেছে। ট্যাঙ, ভ্যাটসহ মোট খরচ দাঁড়াতে পারে প্রায় ২০০ কোটি টাকার মতো। টাকার পরিমাণ অনেক বেশি বলে বিটিভি ও অন্য সমপ্রচারকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে না। একটি সূত্র জানিয়েছে, ২০২২ বিশ্বকাপ সমপ্রচার করতে গিয়ে বাংলাদেশ টেলিভিশনের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। অনিয়মের অভিযোগও ছিল। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এত টাকা বরাদ্দ করা চ্যালেঞ্জিং। এ বছর বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচি বাংলাদেশ দর্শকদের জন্য মধ্যরাত ও ভোররাতে হওয়ায় টিভিতে খেলা দেখার মানুষ কম হতে পারে। তাহল বিজ্ঞাপন থেকে আয় কম হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় ইতোমধ্যেই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে। কিভাবে সমপ্রচার জটিলত দূর করা যায় তার জন্য একটি কমিটি করে দায়িত্বও দেওয়া হয়েছে। এই কমিটিতে বাফুফের প্রতিনিধিও আছেন। সূত্র মতে, এই কমিটিকে স্প্রিংবকের সাথে দরকষাকষির দায়িত্ব দেওয়া হয়েছে।












