বাংলাদেশি ৬ জেলেকে ফেরত দিল মিয়ানমার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

মিয়ানমারে আটক ৬ জেলে ৩৭ দিন পর টেকনাফ বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) প্রচেষ্টায় দেশে ফিরেছেন। ফেরত আসা জেলেরা হচ্ছে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পায়ড়ার আবদু সোবহানের পুত্র আব্দুর রহমান, জাফর আহমদের পুত্র কেফায়েত উল্লাহ, নুর আহমদের পুত্র হামিদ উল্লাহ, সদর ইউনিয়নের রাজারাছড়ার হোছন আলীর পুত্র মুহাম্মদ তৈয়ুব, আবু তালেবের পুত্র মোহাম্মদ মামুন ও করাচি পাড়ার মোহাম্মদ ছফরের পুত্র আব্দুর রশিদ। গতকাল বুধবার তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইখতেখার জানান, গত ১ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ফিশিং ট্রলারের ইঞ্জিল বিকল হয়ে ভাসমান অবস্থায় ৬ জন বাংলাদেশি জেলে মিয়ানমারের সীমানায় চলে যায়। সেখানে শুন্য রেখা অতিক্রম করে ভাসমান অবস্থায় পেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) তাদের আটক করে রাখে। বিষয়টি বিজিবি অবহিত হওয়ার পর বিজিবি বিজিপির সাথে যোগাযোগ এবং মিয়ানমারের সিতওয়েতে অবস্থিত বাংলাদেশ মিশনের সহায়তায় তাদের বাংলাদেশে ফেরত নিয়ে আসা সম্ভব হয়। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। সকল প্রকার আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে নিত্যপণ্যের বাজারে অভিযান
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু