বাঁহাতি বোলারদের চূড়ায় মিচেল স্টার্ক

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথকে টপকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল বাঁহাতি বোলার হওয়ার গৌরব অর্জন করেছেন অভিজ্ঞ অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ডারউইনের মারারারা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ওপেনার সাদমান ইসলামকে আউট করে এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছান স্টার্ক। এই উইকেটের মধ্য দিয়ে টেস্টে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ৪৩৪টি, যা হেরাথের ৪৩৩ উইকেটের রেকর্ডকে এক ধাপ পেছনে ফেলে দেয়। ১০৬তম টেস্টে এসে এই কীর্তি গড়লেন ৩৬ বছর বয়সী এই অসি পেসার। বর্তমানে ৪৩৪ উইকেট নিয়ে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের পাশে অবস্থান করছেন তিনি। এছাড়া ৪৩৯ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা উইকেটশিকারির তালিকায় দশম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডেল স্টেইনকে স্পর্শ করতে স্টার্কের প্রয়োজন আর মাত্র ৬ উইকেট। স্টার্কের এই সাফল্য টেস্ট ক্রিকেটের বাঁহাতি বোলারদের তালিকায় শীর্ষ অবস্থানকে আরও মজবুত করেছে। বাঁহাতি বোলারদের তালিকায় ৪৩৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রঙ্গনা হেরাথ। ৪১৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি (৩৬২) ও শ্রীলঙ্কার চামিণ্ডা ভাস (৩৫৫) রয়েছেন পরবর্তী স্থানগুলোতে। আর ৩৪৮ উইকেট নিয়ে এই তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী পেপার মিলে প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটির সভা