চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনছুরিয়া বাজার গরুরবাজার সংলগ্ন এলাকায় মাছবাহী একটি ড্যাম্পার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ নিহত হয়েছেন বাংলাদেশ ছাত্রসেনা মহেশখালী উপজেলার দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আবু সরওয়ার (৩৪)। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে একই দুর্ঘটনায় সিএনজির যাত্রী বাহাদুর আলম (২৮) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত মোহাম্মদ আবু সরওয়ার কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার আবুল বশরের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রসেনা মহেশখালী উপজেলার দক্ষিণ শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, ড্যাম্পার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রথমে একজন নিহত হন। পরে গুরুতর আহত আবু সরওয়ারকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।












