বাঁশখালী উপজেলার ছনুয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি অবৈধ বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে এ অভিযানের সময় রেণু সংগ্রহের সঙ্গে জড়িত ছয় ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা রেণুগুলো পুনরায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুযায়ী উপকূলীয় এলাকায় সব ধরনের মাছের পোনা ধরা নিষিদ্ধ। এই আইন অমান্য করে কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধভাবে চিংড়ির রেণু সংগ্রহ করে ট্রাকে লোড করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। অভিযানে আটক ছয় ব্যক্তির প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রেণু সংগ্রহের দায়ে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














