বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ঋণের কিস্তি আদায় বন্ধে মতবিনিময় সভা

| মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ঋণের কিস্তি আদায় বন্ধকরণসহ সরকারের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পর্যায়ের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের (এমএফআই) প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন। সভাপতিত্ব করেন কোডেকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম, পিএইচ.ডি এবং সভাটি সঞ্চালনা করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও অনুষ্ঠান সফলভাবে পরিচালনার ক্ষেত্রে অথরিটির সহকারী পরিচালক মোঃ আলআমিন সার্বিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রধান আলোচকের বক্তব্যে হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, বরং একটি মানবিক কর্তব্য যা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো বরাবরই করে আসছে। সামপ্রতিক এ অঞ্চলের বন্যায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ এবং সার্বিক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এবং সদাশয় সরকারের নির্দেশনা অনুসরণে করণীয় বিষয় অন্তর্ভুক্ত করে এমআরএ সার্কুলার লেটার নং৮৫ জারি করে যার বাস্তবায়ন সরকার পর্যবেক্ষণ করছেন মর্মে তিনি উল্লেখ করেন। তিনি ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি আদায় স্থগিত, প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান এবং গ্রাহকদের জীবিকা পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় মনোয়ারা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রত্যাশী, . মোঃ আরিফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইপসা, আফতাবুর রহমান জাফরী, প্রধান নির্বাহী কর্মকর্তা ঘাসফুল, রেজিয়া বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা বনফুল, মোঃ আলমগীর, প্রদান নির্বাহী কর্মকর্তা অপকা এবং এ অঞ্চলে কর্মরত জাতীয় ও স্থানীয় পর্যায়ের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যাদুর্গত ৪ শতাধিক মানুষের মাঝে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধকাদা মাড়িয়ে দূর গ্রাম থেকে সুপেয় পানি সংগ্রহ