বাংলাদেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক, মানবসেবামূলক দরবার বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর আহ্বানে বৃহত্তর চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবান, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরীর বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ, বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ানের বিভিন্ন গ্রুপ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত ১৯ জুলাই রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সাফওয়ানুল করিমের উপস্থিতে পেকুয়া উপজেলা সদরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের (ট্রাস্ট) সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল কাইয়ুম, বায়তুশ শরফের বিশিষ্ট মুবাল্লিগ মাওলানা কাজী শিহাব উদ্দিন, আনজুমনে ইত্তেহাদের নির্বাহী সদস্য কাজী নুরুল হুদা, আনজুমনে নওজোয়ানের সাংগঠনিক সম্পাদক মাওলানা রোকন উদ্দিন, জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আব্দুল,লোহাগাড়া জেনারেল হাসপাতালের ডাইরেক্টর জাহাঙ্গীর আলম, গারাংগিয়া বায়তুল জান্নাত জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা ওয়াহিদুল আলম প্রমুখ।
পেকুয়া উপজেলা সদরে ত্রাণ বিতরণকালে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বলেন, গত এক সপ্তাহে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের পক্ষ থেকে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবান, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার ১০ হাজার পরিবারের মধ্যে বায়তুশ শরফের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।











