বন্ধুদের সাথে যাচ্ছিলেন কক্সবাজার, রামুতে ট্রাকের ধাক্কায় বাইকারের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাঁশখালী কাথরিয়ার মোহাম্মদ জাসেদুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে মো. হামিম নামে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিহত জাসেদুল ইসলাম কাথরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বাগমারা এলাকার মোহাম্মদ মুফিজুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে এশার নামাজের পর জাসেদুল ইসলাম আট বন্ধুকে সঙ্গে নিয়ে চারটি মোটরসাইকেলে কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। পরে রাতে রামু থানা এলাকার সামনে একটি ট্রাকের সঙ্গে জাসেদুলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই জাসেদুল ইসলামের মৃত্যু হয়। আহত অপর দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় ও হাইওয়ে পুলিশের সহায়তায় তার মরদেহ এবং দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করা হয়। সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট আইনে মামলা রুজু এবং ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দের প্রক্রিয়া গ্রহণ করেছে বলে সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধজলাতঙ্ক প্রতিরোধে নিতে হবে পূর্ণ ডোজ টিকা
পরবর্তী নিবন্ধপ্ল্যাকার্ডে ‘৫৬’, শিক্ষার্থীদের প্রশ্নযাত্রা